ব্লুটুথ স্ট্রেইটনারে আগুন ভীতি

১৫ জুলাই, ২০১৯ ১৩:১৪  
চুল সোজা করতে এবার ব্লুটুথ প্রযুক্তিযুক্ত নতুন ‘হেয়ার স্ট্রেইটনার’ তৈরি করলো যুক্তরাজ্যের ফ্যাশন পণ্য নির্মাতা গ্ল্যামোরাইজার। একে বিশ্বের প্রথম ব্লুটুথ প্রযুক্তির ‘হেয়ার স্ট্রেইটনার’ বলা হচ্ছে। সাধারণ হেয়ার স্ট্রেইনারের তুলনায় প্রযুক্তি সুবিধার এ স্মার্ট যন্ত্রটি অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীকে তার পছন্দ সই চুলের ছাঁট ঠিক করতে আগে ভাগেই তাপমাত্রা নির্দিষ্ট করে দিতে সাহায্য করে। স্মার্টফোন থেকেই অ্যাপের মাধ্যমে স্ট্রেইটনারের কাজের নির্দিষ্ট সেটিংস ও সময়সীমা নির্ধারণ করে দেওয়ার সুবিধাও রয়েছে। এছাড়াও দূর থেকে চালু বা বন্ধ করার সুবিধাও থাকছে চুল সোজা করার এ যন্ত্রটিতে। তবে চুলের জন্য প্রয়োজনীয় যন্ত্রটির নানা সুবিধা থাকলেও এর নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। পেন টেস্ট পার্টনার্সের বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের যন্ত্রে কোনো অথেটিকেশন প্রক্রিয়া নেই বলে তা হ্যাক করা যায়। দুর্বৃত্তরা চাইলে অ্যাপের নিয়ন্ত্রণ নিয়ে তাপমাত্রা কমবেশি করে ফেলতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৪৫৫ ডিগ্রি ফারেনহাইট এবং ২০ মিনিটের বেশি সুইচ অন থাকার বিষয় নিয়েও শঙ্কা প্রকাশ করেছে। এসব টেকনিক্যাল বিষয় তুলে ধরে এক ব্লগপোস্টে গ্লামারাইজারের তৈরি ব্লুটুথ স্ট্রেইটনার যন্ত্রে আগুন ধরে যাওয়ার আশঙ্কাও করেছে যুক্তরাজ্য ভিত্তিক নিরাপত্তা কোম্পানি পেন টেস্ট। তারা দ্রুত যন্ত্রটির ব্লুটুথ পেয়ারিং ব্যবস্থার উন্নয়নের পরামর্শ দিয়েছেন।